তারেক রহমানের নির্দেশে সাতকানিয়ার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে বন্যাকবলিত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পানিবন্দী থাকা পরিবারগুলো ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, প্রশাসনিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছি। যতদিন মানুষ দুর্ভোগে থাকবে, ততদিন আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। কোনো অসহায় পরিবারকে আমরা একা ফেলে রাখব না।”
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে ধৈর্য ধারণ করে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
পরে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মআ/চখ