চট্টগ্রামের কোতোয়ালীতে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি আবরার খান,নগরের কোতোয়ালী থানার জামালখান লেইনের আসকারদিঘীর পাড় এলাকার আজম খানের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবরার খানকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
আবরার খানের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচএম/চখ