প্রাইভেটকার চোর চক্রের সাবেক চেয়ারম্যান আটক সীতাকুণ্ডে
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরচক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত রাউজান উপজেলার এক ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মুমিন চেয়ারম্যানসহ তিনজনকে আটক করা হয়।
তবে আটকের পরদিনই সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের বিরুদ্ধে মূল অভিযুক্তকে বিশেষ সুবিধা দেওয়া এবং মামলার এজাহার থেকে তার নাম বাদ দিতে বাদীপক্ষের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী আহমদ কবির মানিকের চুরি হওয়া টয়োটা এক্সিও (ঢাকা মেট্রো-গ ৩৪-৬৬৬১) উদ্ধার করা হয়।
এ সময় মুমিন চেয়ারম্যান, আফতাব উদ্দিন গালিব (২৪) এবং কাজী মোহাম্মদ নবী ওরফে তানভীরকে আটক করে পুলিশ। গাড়ির মালিক আহমদ কবির মানিক অভিযোগ করেন, মূল অভিযুক্তকে থানা হাজতে না রেখে ওসির কক্ষের পাশে বসিয়ে রাখা হয়েছে।
একই সঙ্গে সোমবার দুপুর থেকে মামলার এজাহারে মুমিন চেয়ারম্যানের নাম না রাখতে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। এটি নিয়ে ওসির সঙ্গে কথা বলছি। যাতে কেউ অন্যায়ের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
এইচএম/চখ