chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের পাশে সিএমপি

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকায় মোট ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই রাতে আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারকে, খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৮৪টি পরিবারের মধ্যে এবং পাঁচলাইশ থানার হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। গতকাল ১৩ জুলাই বায়েজিদ বোস্তামী থানার হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে থাকা ১৩টি পরিবারকে, চান্দগাঁও থানার শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। অন্যদিকে, ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সিএমপি কমিশনার জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
ফরিদা.চখ

এই বিভাগের আরও খবর