chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের চন্দনপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা: ২কোটি টাকা চাঁদা দাবী

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন) এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রাকিব বলেন, দুই-তিন দিন আগে আমাদের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। প্রতি মাসে ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়।

তবে বিষয়টিকে তখন আমরা গুরুত্ব দিইনি। বিভিন্ন সময় নানা জায়গা থেকে ফোন আসে, তাই এটিকে সত্যিকারের হুমকি বলে মনে হয়নি।
আজ হঠাৎ করেই একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানে বেতন দেওয়ার দিন ছিল।

অফিসে প্রায় ৩৫ লাখ টাকা নগদ রাখা ছিল। হামলাকারীরা ওই টাকা নিয়ে চলে গেছে। সোমবার বেলা সোয়া বারোটার দিকে প্রায় ৪০ জন মুখোশধারী ও সশস্ত্র ব্যক্তি হঠাৎ অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।

ওসি নুর হোসেন মামুন বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর