রাঙ্গামাটিতে বন্যায় ১৩১ পাহাড়ধস
রাঙ্গামাটিতে গত দুদিন টানা ভারী বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম ও বিলাইছড়ির ফারুয়া বাজারের পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র।

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ কিছুটা কমলেও দুর্গত মানুষের দুর্ভোগের শেষ নেই। জীবনবাজি রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু হলেও পরিস্থিতি এখনো নাজুক। অপরদিকে বরকল উপজেলার ভূষণছড়া ও বড় হরিনা এলাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিপাত না থাকলেও ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করলেও এখনো স্বাভাবিক হয়নি জনজীবন। খাদ্য, বিশুদ্ধ পানি ও শিশুখাদ্যের তীব্র সংকটে দিন কাটছে বানভাসি মানুষের। অনেক স্থানে এখনো সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তবে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার বরকল উপজেলার ঠেগা, খুব্বাং, চুমাচুমি এবং লংগদু ও রাজস্থলী উপজেলার বেশ কিছু গ্রামে কয়েক শ পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ‘ভারী বর্ষণের ফলে এই উপজেলার পাঁচটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। আমাদের আশ্রয়কেন্দ্রে শনিবার থেকে লোক বাড়ছে। আজ চারটি আশ্রয়কেন্দ্রে ২২৪ জন মানুষ আছেন।’ তিনি আরও বলেন, ‘ভূষণছড়া ও বড় হরিনা ইউনিয়ন বন্যায় বেশি প্লাবিত হয়েছে। নতুন করে শুভলং ইউনিয়নও প্লাবিত হতে শুরু করেছে। সব মিলিয়ে উপজেলায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। আমাদের ত্রাণ কার্যক্রম চলমান। তবে দুর্গম এলাকাগুলোতে পানির তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রাঙ্গামাটি জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে নিয়মিত তিনবেলা খাবার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া পুরো জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৩১টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে পানি সম্পূর্ণ নেমে গেছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন। পানি কমে আসায় বর্তমানে সড়ক ও ঘরবাড়ির কাদামাটি ও ময়লা পরিষ্কারের কাজ করছেন ক্ষতিগ্রস্তরা। তবে ফারুয়া বাজারের দোকানপাটে দুই থেকে আড়াই ফুট পর্যন্ত কাদামাটি ও পলি স্তূপ হয়ে থাকায় তা সরাতে চরম বেগ পেতে হচ্ছে ব্যবসায়ীদের।
ফারুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুন বলেন, ‘বন্যায় বাজার ও আশপাশের এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। পুরো বাজার ও আশপাশের এলাকা দুই থেকে আড়াই ফুট পলিমাটির নিচে নিমজ্জিত হয়ে আছে। পলি অপসারণ করে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক, বিদ্যুৎ, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, রাঙ্গামাটিসহ পার্বত্য এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ-পরবর্তী মানুষের দুর্ভোগ ও ক্ষতির দায় বর্তমান সরকার নেবে। যেহেতু বিএনপি সরকার জনগণের সরকার, সেহেতু আমরা এ দায় নিতে প্রস্তুত। এ দায়িত্ব পালনে সরকার কোনোভাবেই পিছপা হবে না। তিনি ধৈর্যসহকারে এ দুর্যোগ মোকাবিলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙ্গামাটির সাংসদ দীপেন দেওয়ান জেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত উপজেলা পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও খাবার বিতরণ করছেন। রোববার তিনি বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের খোঁজখবর নেন। এ ছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদসহ দুর্গম এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবি।
মআ/চখ