chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০০ নয়, ৭০০ বছরের পুরোনো বটগাছের সন্ধান!

ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলায় প্রায় ৭০০ বছর বয়সী একটি বটগাছের সন্ধান পেয়েছেন গবেষকেরা। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে গাছটির বয়স নির্ধারণ করা হয়েছে। গবেষকদের দাবি, বৈজ্ঞানিকভাবে বয়স নির্ধারণ করা বটগাছগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রাচীন।

ভারতীয় গণমাধ্যম ও দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাছটির প্রকৃত বয়স জানতে গবেষকেরা এর কাণ্ডের একেবারে ভেতরের অংশ থেকে নমুনা সংগ্রহ করেন। পরে নমুনার কোষীয় উপাদান বিশ্লেষণ করে অত্যন্ত সংবেদনশীল রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে গাছটির বয়স নির্ধারণ করা হয়। ফলাফলে দেখা যায়, গাছটির বয়স প্রায় ৭০০ বছর।

এর আগে ধারণা করা হয়েছিল, একটি পুরোনো ‘বুরা বাংলো’ ভবনের সামনে থাকা গাছটি প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর পুরোনো। তবে নতুন গবেষণায় জানা গেছে, গাছটি ওই ভবনেরও বহু আগে থেকে সেখানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভবত ওই অঞ্চলের প্রাচীন বনাঞ্চলের টিকে থাকা একটি অংশ।

গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী কোয়ার্টারনারি রিসার্চ-এ প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভাষ্য, বটগাছের কাণ্ডে সাধারণ গাছের মতো স্পষ্ট বার্ষিক বৃদ্ধিবলয় না থাকায় এতদিন এসব গাছের বয়স নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন ছিল। নতুন এই গবেষণা সেই সীমাবদ্ধতা দূর করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবিষ্কার শুধু একটি গাছের বয়স নির্ধারণেই গুরুত্বপূর্ণ নয়; বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাসু/চখ