chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় বলে উল্লেখ করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল, যার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি এমন কিছু বিষয় স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণির দাবি, এরপর তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনে গভীর ক্ষত তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী বলেন, সময় যতই লাগুক, সত্য একদিন প্রকাশ পায়। তাই তিনি বিশ্বাস করেন, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

স্ট্যাটাসে পরীমণি অভিযোগ করেন, ওই ঘটনার পর থেকে তাকে অপদস্থ করা হয়েছে, তার সম্মান, নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাষ্ট্রীয় একটি বাহিনীকে ব্যবহার করে একজন শিল্পীর জীবন যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এখন তার কোনো প্রতিশোধের আকাঙ্ক্ষা নেই। তিনি শুধু সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন পরীমণি। তিনি বলেন, আদালত যদি তাকে অব্যাহতি দেয়ও, হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি কি আর ফিরে পাওয়া সম্ভব? তার সম্পর্কে মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।

নিজের পরিচয় প্রসঙ্গে পরীমণি বলেন, তিনি কখনো বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি। একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন। কিন্তু একটি ঘটনার অভিঘাতে তার জীবন বদলে গেছে।

কঠিন সময়ে পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

একই সঙ্গে তিনি জানান, অতীতের ক্ষত বয়ে নয়, বরং নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই সামনের পথ চলতে চান।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, পরীমণির সাম্প্রতিক ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত দাবি। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

তাসুি/চখ

এই বিভাগের আরও খবর