এশিয়ান ইউনিভার্সিটির কনফারেন্স হোটেল আগ্রাবাদে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (১০ জুলাই) শুরু হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) হিউম্যানিটিজ প্রোগ্রাম আয়োজিত প্রথম হিউম্যানিটিজ কনফারেন্স।
নগরের হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়েছেন।
এবারের কনফারেন্সে সাহিত্য, ইতিহাস, দর্শন, ভাষা, সংস্কৃতি, অভিবাসন, লিঙ্গ সমতা, আদিবাসী জ্ঞান এবং হিউম্যানিটিজের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। ক্লিফটন গ্রুপ এবং ডিটস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী দিনে দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে ৪টি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইউডব্লিউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি। বর্তমান যুগে মানবিক বিদ্যা বা হিউম্যানিটিজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিকতাই মূল।
বিজ্ঞান ও প্রযুক্তি হয়তো বিশ্বকে বদলে দেয়, কিন্তু মানবিকতাই আমাদের মানুষ করে তোলে।
হিউম্যানিটিজকে সমাজের বিবেক ও স্মৃতি হিসেবে উল্লেখ করে তিনি অংশগ্রহণকারীদের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক কথোপকথনের মাধ্যমে নতুন ধারণা তৈরির আহ্বান জানান।
সম্মেলনে “হোয়াই হিউম্যানিটিজ ম্যাটার টুডে” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং ইউল্যাবের স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. কায়সার হক। হিউম্যানিটিজের গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, কর্মসংস্থানের অনিশ্চয়তা সব বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেই কম-বেশি রয়েছে। তবে দেশের স্কুল পর্যায়ের দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে ভাষা ও মৌলিক বিষয়ে পিছিয়ে পড়ছে উল্লেখ করে তিনি স্কুল পর্যায় থেকেই প্রকৃত সংস্কার শুরুর তাগিদ দেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসঙ্গে ড. কায়সার হক সতর্ক করে বলেন, আমরা যদি প্রযুক্তির সাথে সঠিক উপায়ে খাপ খাইয়ে নিতে না পারি, তবে এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে যন্ত্র কেবল যন্ত্রের সাথেই কথা বলবে।
এ সময় তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের মৌলিক চিন্তাভাবনা মূল্যায়নের নতুন পদ্ধতি খোঁজার আহ্বান জানান।
কনফারেন্সের প্রথম দিনে এইউডব্লিউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, আইইউবি, সিআইইউ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের প্রবন্ধ ও গবেষণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক মাসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিপ্রু মারমা এবং জ্যোতি টিনা। শনিবার আরও ৫টি সেশনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে।