chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েট প্রশাসনের মাদক উদ্ধার : আটক ৯

সমস্যা সমাধানে গিয়ে সমস্যার মূল উপকরণ মাদক উদ্ধার করে বসল চুয়েট প্রশাসন।  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি আবাসিক হলে  অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ নয়জন শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শহীদ আবু সাইদ হলের ৫২৯ নম্বর কক্ষে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দলের অভিযানে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীদের মধ্যে দুইজন ২০২১-২২ শিক্ষাবর্ষের, পাঁচজন ২০২২-২৩ শিক্ষাবর্ষের এবং দুইজন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের। তাদের মধ্যে চারজন শহীদ আবু সাইদ হল, তিনজন মুক্তিযোদ্ধা হল, একজন ড. কুদরাত-ই-খুদা হল এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কক্ষ থেকে গাঁজা ছাড়াও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে আটক শিক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই ব্যাপারে শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, “গতকাল আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীদের মধ্যকার একটি সমস্যা সমাধানের জন্য আমরা হলে যাই। পরে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাই। এ সময় কক্ষটি থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।”

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, “মাদক ও র‍্যাগিং এর বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। রবিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় আমরা এই বিষয়টি নিয়ে বসবো।”

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী রবিবার অনুষ্ঠিতব্য স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় এ ঘটনার বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর