chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করল চট্টগ্রাম বোর্ড

ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের আওতাধীন আগামীকালের (১১ জুলাই, ২০২৬, শনিবার) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষাটি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) বিষয়ের ছিল।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

বিশেষ নির্দেশনায় আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ না থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয় এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যাতে পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সময়মতো পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের যাতায়াত ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রকে ইতিমধ্যেই এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর