chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ

টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে টইটম্বুর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। হ্রদের যেদিকে চোখ যায়, সেদিকে শুধু পানি আর পানি। পানির ওপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট থেকে একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিশেষ করে শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এই কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। সেদিন ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৪৪ মেগাওয়াট।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে যোগাযোগ করা হলে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর গত ৭ দিন ধরে হু হু করে বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির স্তর ছিল ৯০.৩১ ফুট (মিন সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানির স্তর থাকার কথা ৮৫.৪৪ ফুট (মিন সি লেভেল)। প্রসঙ্গত, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর