chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঝুঁকি এড়াতে ঝরনায় বন বিভাগের নিষেধাজ্ঞা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ঝুঁকি বিবেচনায় মীরসরাই উপজেলার সব ঝরনায় সাময়িকভাবে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ঝরনাগুলোর ইজারাদারদের সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝরনাগুলোর ইজারাদার প্রতিষ্ঠান থ্রি-বি’র স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম জানান, বন বিভাগের নির্দেশনা পাওয়ার পর থেকে তাদের ইজারাভুক্ত সব ঝরনায় পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বারৈয়ারঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ভারী বৃষ্টির সময় পাহাড়ি ঢলে ঝিরিপথে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে পর্যটকদের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

জননিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে সব ঝরনায় ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়ারঢালা জাতীয় উদ্যান এলাকায় খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, সোনাইছড়ি ও ভাওয়াছড়াসহ কয়েকটি জনপ্রিয় ঝরনা রয়েছে। বর্ষাকালে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এসব ঝরনায় পর্যটকদের ভিড়ও কয়েকগুণ বেড়ে যায়।

বন বিভাগের তথ্যমতে, ঝরনাগুলোয় যেতে পাথুরে ঝিরিপথ ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। অসতর্কতা, অনভিজ্ঞতা এবং ঝুঁকিপূর্ণ স্থানে ছবি বা সেলফি তুলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

মীরসরাই ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে উপজেলার বিভিন্ন ঝরনায় ৩৭টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাতজন পর্যটক নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর