জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে শিশুর মৃত্যু, মা আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় পাহাড়ধসে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম তানভীর ওই এলাকার মহিন উদ্দীনের ছেলে। তাদের বাড়ি জাফরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ে। বুধবার সকালে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর এসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা ১০ মাস বয়সী তানভীর মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় শিশুটির মা সামান্য আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি পাহাড়ধসের কারণও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জঙ্গল সলিমপুরের পাহাড়ঘেঁষা ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। বর্ষা মৌসুম এলেই পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ ও নিরাপদ স্থানে পুনর্বাসনের দাবি বহুবার জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, পাহাড় ধসে ঘটনায় বাচ্চা নিহত হয়েছে। জঙ্গলসলিমপুর পাহাড়ি এলাকায় ঝূঁকিপূর্ণস্থানে বসবাসরতদের সরিয়ে যাওয়ার জন্য মাইকিং ও প্রচাররণা করা হচ্ছে।
ফরিদা |চখ
