চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সব ধরনের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে ৮ জুলাইয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নয়, বরং শুধুমাত্র এ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
গত তিন দিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে যাতায়াতে চরম ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক দুর্ভোগ এড়াতে এক দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী দিন থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর পরে জানিয়ে দেবে।
তাসু/চখ
