chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকা–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত গিয়ে আর কক্সবাজারের দিকে যেতে পারেনি। পরে সেখান থেকেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আটকে রয়েছে। ষোলশহর–জানআলীহাট রেলপথের ওপর পানি জমে থাকায় ট্রেনটি কক্সবাজারের দিকে যেতে পারছে না। রেললাইনের ওপর থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে।

রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তাঁরা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আর যাঁরা ঢাকায় ফিরতে চান, তাঁরা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারবেন।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

ফরিদা |চখ

এই বিভাগের আরও খবর