চট্টগ্রামে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা: এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ফাইয়াজ তাজরিয়ান নিহত হয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে এনসিপির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে জিইসি মোড়সংলগ্ন ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবা হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি ফ্লাইওভারের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে পারেননি ফাইয়াজ। দ্রুতগতির মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, ফ্লাইওভারের ওপর বিকল ট্রাকটি দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলে যাওয়ার সময় ফাইয়াজ ট্রাকটির পেছনে ধাক্কা দিলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাইয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে ফাইয়াজকে একজন সক্রিয়, উদ্যমী ও সম্ভাবনাময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তারা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে দুর্ঘটনাটি আবারও চট্টগ্রামের ফ্লাইওভারগুলোতে বিকল যানবাহন অপসারণে বিলম্ব, পর্যাপ্ত সতর্কতামূলক সংকেতের অভাব এবং রাতে আলোকসজ্জার ঘাটতির বিষয়টি সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা বলছেন, বিকল যানবাহনের পেছনে প্রতিফলক, সতর্কতা বাতি বা ব্যারিকেড নিশ্চিত না করলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং বিকল ট্রাকটি কীভাবে ফ্লাইওভারের ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফরিদা |চখ
