chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এলএনজি সরবরাহ কমে গ্যাস সংকটের শঙ্কা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি (LNG) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে এবং তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) রিগ্যাসিফায়েড এলএনজি সরবরাহ কমে গেছে। এতে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।

এর প্রভাবে তিতাস গ্যাসের অধিভুক্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিশেষ করে রান্নার সময় আবাসিক গ্রাহক এবং উৎপাদননির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলো কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন।

তিতাস গ্যাস জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে এবং গ্যাসের চাপও আগের অবস্থায় ফিরে আসবে। ততদিন পর্যন্ত গ্রাহকদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ আমদানিকৃত এলএনজির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর