chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের চার উপজেলায় উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রামে মূল শহরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে মাস্টার প্ল্যান অনুযায়ী চট্টগ্রামের চারটি উপজেলায় স্যাটেলাইট সিটির আদলে নতুন উপশহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

রোববার বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকে সিডিএর চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

সিডিএ চেয়ারম্যান জানান, চট্টগ্রাম মহানগরের ক্রমবর্ধমান চাপ কমাতে মাস্টার প্ল্যান অনুযায়ী হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পরিকল্পিত উপশহর গড়ে তোলা জরুরি। এতে নগরায়ণ হবে আরও সুষম, যানজট ও জনঘনত্ব কমবে এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণ টেকসই হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত চেয়ারম্যানদের সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জনগণের দুর্ভোগ কমানোর নির্দেশ দেন। একই সঙ্গে নগরগুলোকে নান্দনিক, সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদেরও সচেতন করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তার জন্মস্থান সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে একটি আধুনিক সি-ট্রাক চালু এবং উভয় পাড়ের ফেরিঘাটে টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানান। তিনি বলেন, সন্দ্বীপ সিডিএর আওতাভুক্ত না হলেও জন্মস্থান হিসেবে সেখানকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি আধুনিক সি-ট্রাক ও ফেরিঘাট উন্নয়নের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

এদিকে, টানা ভারী বৃষ্টির মধ্যেও চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখেন সিডিএ চেয়ারম্যান। ঢাকায় সরকারি কর্মসূচিতে অবস্থান করলেও তিনি মুঠোফোনে প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দিন, সেনাবাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে নালা-নর্দমা পরিষ্কার রাখা, ঝুঁকিপূর্ণ নিচু এলাকা পরিদর্শন এবং কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর নেন।

সিডিএ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন। এতে চলমান প্রকল্পগুলোর কাজের গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর