chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুৎসিত ফুটবল আমরাও খেলতে জানি: প্যারাগুয়েকে এমবাপ্পে

তীব্র গরম, আগ্রাসী প্রতিপক্ষ এবং শারীরিক লড়াই—সব বাধা পেরিয়ে প্যারাগুয়েকে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচে একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে জয় নিশ্চিত করার পর আলোচনায় উঠে এসেছে তার বিস্ফোরক মন্তব্য।

এমবাপ্পে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ফ্রান্সও ‘কুৎসিত’ বা ‘ডার্টি ফুটবল’ খেলতে জানে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ে শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলেছে। একের পর এক ট্যাকল, ফাউল ও সংঘর্ষের মাধ্যমে ফরাসি খেলোয়াড়দের চাপে রাখার চেষ্টা করে দক্ষিণ আমেরিকার দলটি।

তবে সব প্রতিকূলতা সামলে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স।

ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, শুরু থেকেই তারা জানতেন কী ধরনের লড়াই অপেক্ষা করছে।

তার ভাষায়, “আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।”

এরপরই আরও কড়া বার্তা দেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন, “ওরা ভেবেছিল আমরা বুঝি টাক্সেডো পরে মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো ফুটবল খেলব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।”

এমবাপ্পের এই মন্তব্যকে অনেকেই প্রতিপক্ষের আগ্রাসী কৌশলের জবাব হিসেবে দেখছেন। তার বক্তব্যে স্পষ্ট, শুধু নান্দনিক ফুটবল নয়, নকআউট পর্বে প্রয়োজন হলে কঠিন ও শারীরিক লড়াইয়েও পিছিয়ে থাকতে রাজি নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটি পরিচালনা করেন উজবেকিস্তানের রেফারি ইলগিজ তানতাশেভ। পুরো ম্যাচে তিনি মোট চারটি হলুদ কার্ড দেখান। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স, আর একটি কার্ড দেখানো হয় প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে।

কঠিন এই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ফরাসিদের। এখন কোয়ার্টার ফাইনালে আরও কঠিন পরীক্ষার অপেক্ষায় এমবাপ্পে ও তার দল, যেখানে শিরোপা ধরে রাখার মিশনে প্রতিটি ম্যাচই হবে ফাইনালের মতো।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর