chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। আগুন লাগানোর পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে তিনি বিষয়টি অন্যদের জানান।

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জাহিদ হাসান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, এর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কর্মীরা জড়িত থাকতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়েছে। আগুন দেওয়ার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগুন দিয়ে নাশকতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার মো. রনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই বলে জানা গেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর