chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন ভোটার নিবন্ধনের সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি

আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা পর্যালোচনা করে ভোটার তালিকা হালনাগাদের কাজ কতদিন পর্যন্ত চালানো সম্ভব হবে, তা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকাসংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনও করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময়সীমা ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধন করবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচন যদি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়, তাহলে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তালিকাভুক্ত করতে কোনো প্রশাসনিক সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন।

এছাড়া সম্ভাব্য ভোটার সংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজন হবে কি না, তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর