chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেরানীহাটে বসলো ৩২ চোখ!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জননিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টায় সাতকানিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকার প্রায় ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ অংশ সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। মোট ৩২টি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি স্থাপনের মাধ্যমে কেরানীহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীহাট এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত ছিল। সিসিটিভি স্থাপনের ফলে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিবরা।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর