চকরিয়ায় ৩ হাজার কৃষকের হাতে সরকারি কৃষি প্রণোদনা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আমন ধানের বীজ, মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সার, বালাইনাশক এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ, বনজ ও নারিকেল গাছের চারা, খুঁটি এবং জৈব সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচির আওতায় ৩ হাজার জন কৃষকের মাঝে আমন ধানের বীজ, ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সার ও বালাইনাশক এবং ১ হাজার ৮৩৫ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও নারিকেল গাছের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানটি চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা প্রকৌশলী আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, চকরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি উৎপাদনমুখী হতে অনুপ্রাণিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।
তাসু/চখ