চট্টগ্রাম হয়ে আসা দুবাই ফ্লাইটে মিলল কোটি টাকার স্বর্ণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা ও শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে সামরিক গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা কাস্টমস হাউস এবং কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। এ সময় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কৌশলে কার্গো হোল্ডে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কীভাবে এগুলো সেখানে পৌঁছেছে এবং এর পেছনে কারা জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। স্বর্ণের প্রকৃত মালিক, চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তকরণ এবং পুরো ঘটনার উৎস উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাসু/চখ