খানাখন্দে ভরা চকরিয়ার পৌরসভার প্রধান সড়ক
কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও খানাখন্দের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারী এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। ফলে কোথায় গর্ত আর কোথায় সমতল রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, রিকশা ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতোমধ্যে ছোট-বড় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ব্যবসায়ী ও পথচারীরা জানান, চকরিয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। দ্রুত সড়কটির সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, পৌরসভার প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত কার্যকর সংস্কার কাজ শুরু করে নিরাপদ ও টেকসই সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাসু/চখ