এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার
কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রতিদিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর আরও ১ ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশের ২০০ গজ এলাকার মধ্যে এই নিয়ম সবাইকে মেনে চলতে হবে।
পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রসংলগ্ন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সিএমপি বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে। কেন্দ্রের আশপাশে কোনো ধরনের অস্ত্র, লাঠি, বিস্ফোরক বা আক্রমণাত্মক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না। পরীক্ষা চলাকালীন কোনো মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং লাউডস্পিকার বা মাইক্রোফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো অনৈতিক কার্যক্রম ঠেকাতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশের সব ফটোকপির দোকান ও মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী এবং পরীক্ষা ডিউটিতে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া পরীক্ষার প্রতিটি দিন এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুন্নি/চখ
