chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এনসিটি-সিসিটি ইজারা

চট্টগ্রাম বন্দরে স্কপের কালো পতাকা মিছিল ও হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বন্দর নগরী। মঙ্গলবার (৩০ জুন) সকালে ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দেব, জীবন দেব, এনসিটি-সিসিটি দেব না’ এবং ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’ স্লোগানে মুখরিত কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

সকাল ১১টায় আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি আগ্রাবাদের বাদামতলি মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে অংশ নেন।

সমাবেশে শ্রমিক নেতারা চট্টগ্রাম বন্দরের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বিদেশি অপারেটরের হাতে টার্মিনাল ছেড়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেন।

বক্তারা বলেন, এনসিটি ও সিসিটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এগুলো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং জাতীয় নিরাপত্তা দীর্ঘমেয়াদি হুমকিতে পড়বে।

বন্দর বর্তমানে নিজস্ব সক্ষমতায় লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রকে বিপুল রাজস্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বিদেশি সংস্থাকে দায়িত্ব না দিয়ে বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, দক্ষ জনবল নিয়োগ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম আরও সম্প্রসারণ করার দাবি জানান নেতারা।

ডিপি ওয়ার্ল্ড বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনাভার হস্তান্তর করা হলে শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, শ্রম অধিকার এবং বিদ্যমান কর্মপরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

শ্রমিক নেতৃবৃন্দরা আরো বলেন, বন্দর কোনো সাধারণ ব্যবসায়িক পণ্য নয়; এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জাতীয় সার্বভৌমত্বের অংশ। জনগণের মতামত উপেক্ষা করে কোনো ধরনের ইজারা চুক্তি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হেলাল উদ্দিন কবির, সভাপতি, বিএলএফ চট্টগ্রাম মহানগরের নুরুল আবছার তৌহিদ, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ, সদস্যসচিব, বন্দর রক্ষা কমিটি ফজলুল কবির মিন্টুসহ অন্যান্য মার্চেন্ট শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারার সকল প্রক্রিয়া বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর