২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা
জলাবদ্ধতা নিরসন- মশকনিধনে সর্বোচ্চ জোর চসিকের
চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের চিরচেনা সমস্যা জলাবদ্ধতা দূরীকরণ এবং মশকনিধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বিশাল বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বাজেট অধিবেশনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই বাজেট পেশ করেন।
একই অনুষ্ঠানে মেয়র বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন। গত অর্থবছরের মূল বাজেট ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা হলেও সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ, বিগত অর্থবছরে চসিকের বাজেট বাস্তবায়নের হার ছিল ৭৮ শতাংশ।
বাজেট অধিবেশনে মেয়র শাহাদাত হোসেন চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি। সামর্থ্যের মধ্যে চসিক নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সদিচ্ছা থাকলেও আমাদের আর্থিক সক্ষমতা অপ্রতুল। আর্থিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া নাগরিক সুবিধা শতভাগ পূরণ করা কষ্টসাধ্য। তাই এবার রাজস্ব আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবারের বাজেটে সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব তহবিল শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিজস্ব উৎস থেকে আয় ১,১৯৭ কোটি ৬২ লাখ টাকা (যার মধ্যে গৃহকরসহ অন্যান্য কর থেকে আসবে ৮১১ কোটি ৯০ লাখ টাকা)। সরকারি উন্নয়ন অনুদান ৯৭৫ কোটি টাকা।
ঘোষিত বাজেটে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ বেশ কিছু বড় ব্যয়ের খাত নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাত ১,০৩৫ কোটি টাকা (রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও ৬টি বিশেষ প্রকল্প)।পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা (যার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা)। দেনা পরিশোধ ১৮৪ কোটি টাকা।
নগরের দুই প্রধান সংকট মোকাবিলায় এবার বরাদ্দের অঙ্ক উল্লেখযোগ্য পরিমানে বাড়ানো হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের পানি জমার সমস্যা দূর করতে এবার ১১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এই খাতে বাজেট ছিল ৭৫ কোটি টাকা, যার মধ্যে শেষ পর্যন্ত খরচ হয়েছিল ৬৫ কোটি টাকা। অর্থাৎ, এবার এই খাতে বরাদ্দ প্রায় ৩৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। মশা মারার কার্যক্রম আরও জোরদার করতে এবার ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছর এই খাতে মাত্র ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং খরচ হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ টাকা। সেই তুলনায় এবার মশা নিধনে প্রায় তিন গুণ বেশি টাকা খরচ করা হবে।
বাজেট অধিবেশনে মেয়রের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মুন্নি/চখ