হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বার্তা এলে যা করবেন
কোটি কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে এই বিপুল জনপ্রিয়তাই অ্যাপটিকে প্রতারক ও সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রতিদিনই এই মাধ্যমে ছড়াচ্ছে ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে নানা ফাঁদ।
অনেক সময় শুরুতেই এই প্রতারণাগুলো শনাক্ত করা সম্ভব হলেও, অসচেতনতার কারণে অনেক ব্যবহারকারী ফাঁদে পড়ে যান। ফলে আর্থিক ক্ষতি ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি এড়াতে সন্দেহজনক বার্তা পাওয়া মাত্রই সতর্ক হওয়া জরুরি।
অচেনা নম্বর থেকে হঠাৎ বার্তা এলে করণীয়
কোনো অপরিচিত নম্বর থেকে হঠাৎ বার্তা এলে সেটিকে প্রথমেই সন্দেহের চোখে দেখা উচিত। বিশেষ করে বার্তাটিতে যদি অতিরিক্ত প্রশংসা, আকর্ষণীয় কোনো সুযোগ বা জরুরি আর্থিক সাহায্যের অনুরোধ থাকে, তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
অনেক সময় অপরাধীরা ‘ভুল নম্বরে বার্তা চলে এসেছে’ এমন ভান করে কথোপকথন শুরু করে। ঘরে বসে পার্ট-টাইম কাজ বা ইউটিউব ভিডিও লাইক করে দৈনিক মোটা অঙ্কের আয়ের প্রলোভন দেওয়া হয়। অনেক সময় পরিচিত কারও বন্ধু বা সহকর্মী সেজে যোগাযোগের চেষ্টা করে আস্থা অর্জনের চেষ্টা করা হয়।
তাদের মূল উদ্দেশ্যই থাকে প্রথমে ব্যবহারকারীর সাথে সম্পর্ক তৈরি করা এবং পরবর্তীতে কৌশলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের ডিটেইলস বা ওটিপি (OTP) হাতিয়ে নেওয়া।
সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ
এ ধরনের সন্দেহজনক বা অপরিচিত বার্তার কোনো জবাব না দেওয়াই সবচেয়ে নিরাপদ। নম্বরটি সাথে সাথে ব্লক করে দিন এবং হোয়াটসঅ্যাপের ‘রিপোর্ট’ অপশনটি ব্যবহার করুন। এতে আপনার অ্যাকাউন্ট যেমন সুরক্ষিত থাকবে, তেমনি অন্য ব্যবহারকারীরাও প্রতারিত হওয়া থেকে রক্ষা পাবেন। অপরিচিত নম্বর থেকে পাঠানো কোনো ফিশিং লিংক বা ফাইলে ক্লিক করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
মনে রাখবেন একটু সচেতনতাই পারে আপনাকে বড় ধরনের সাইবার অপরাধ বা আর্থিক ক্ষতি থেকে দূরে রাখতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
