chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আকস্মিক পরিদর্শনে স্পারসো কার্যালয়ে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানটিতে পৌঁছে প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এরপর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিজস্ব উদ্ভাবন, মহাকাশ গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নে স্পারসোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক, যুগোপযোগী এবং স্বনির্ভর মহাকাশ গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ (স্যাটেলাইট) প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত একমাত্র রাষ্ট্রীয় শীর্ষ প্রতিষ্ঠান।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর