chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠায় সাঈদ আল নোমানের আগ্রহ প্রকাশ

চট্টগ্রামে তরুণদের পর্বতারোহণে আরও এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, পর্বতারোহণ শুধু একটি খেলা নয়, এটি একটি শিল্পও। চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠিত হবে।
 

শুক্রবার (২৬ জুন) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পিকস, পিপল, পারস্পেকটিভ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধনীয় অনুষ্ঠানে এসব কথা বলেন।

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। 

সাঈদ আল নোমান বলেন, পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প।

এই খেলায় চট্টগ্রামের তরুণদের আরও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি, চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে।
তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ রয়েছে। যেহেতু পর্বতারোহণের সঙ্গে মূলত তরুণরাই যুক্ত, তাই আমি সর্বতোভাবে এ খাতের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। একটি প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা জরুরি। 

অনুষ্ঠানে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শোয়েব ফারুকী বলেন, ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণরা পর্বতারোহণের পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র ধারণ করে নিজেদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা ব্যবহার করাও সহজ নয়। ঝুঁকিপূর্ণ এ খেলায় দক্ষতার পাশাপাশি চমৎকার সব আলোকচিত্র উপহার দেওয়ার জন্য আমি আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রদর্শনীর আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, পর্বতারোহণের বেশিরভাগ আয়োজন বিশ্বের দুর্গম অঞ্চলে হয়ে থাকে। সরাসরি দর্শকের সম্পৃক্ততা না থাকায় এ খেলার দুরূহতা বোঝা কঠিন। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা অনুভূতি লাভ করবেন।

এদিকে আগামী শনিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর