chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়া বাইপাসে বাস-কারের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার ফারুকীপাড়া চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী পুর্বানী পরিবহনের একটি বাস সামনে থাকা ঈগল পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-ব-১১-১৯১৯) বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-৩৫-৬৫২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতরা হলেন— মিজানুর রহমান (৩৫), নোয়াখালী সদর, নোয়াখালী; মোহাম্মদ মাসুম (২৫), রসুলপুর, নান্দাইল, ময়মনসিংহ; লিয়াকত আলী (৩৫), শিবচর, মাদারীপুর; শিরিন আক্তার (২৭), কেরানীগঞ্জ, ঢাকা এবং আখি আক্তার (৩০), শ্যামলী, ঢাকা।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর