ঢাবি শিক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে শিশুসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় অভিযুক্ত যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
এদিকে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তাকেও গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিনুরের আদি বাড়ি কুমিল্লা জেলায়। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি গোডাউন রোড এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার কে বা কারা তাদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় স্থানীয়রা এক ঘাতক যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সাথে আর কেউ জড়িত আছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।

বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজনকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল। এর মধ্যে মা ও দুই মেয়ে মারা গেছেন। মেজো মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া, গণপিটুনির শিকার অভিযুক্ত যুবকের মাথায়ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আবদুর রাশেদ বলেন, ‘তিনজন নিহত হয়েছেন, তাদের মরদেহ হাসপাতালে রাখা আছে। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া, জনতার গণপিটুনির শিকার অভিযুক্ত যুবককে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ইটপাটকেলে আমাদের ৬-৭ জন সদস্য আহত হন।’
তাস/চখ