মাদক বিক্রির সময় হাতেনাতে আটক বাবা-ছেলে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে এলাকায় একটি মাদক চক্র পরিচালনার অভিযোগও রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
তাসু/চখ