chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্কুল ব্যাগে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, ৩ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় স্কুল ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-আনোয়ারা সড়কের ক্রসিং এলাকার ফুলকলি নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক রামেশ্বর দাসের তত্ত্বাবধানে এবং পরিদর্শক শেখ আবুল কাশেমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সোদিয়া অ্যারো’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের এ-৩, এ-৪ ও বি-৪ নম্বর আসনে বসা তিন যাত্রীর দখলে থাকা স্কুল ব্যাগ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. আনোয়ার (২৫), মো. সোফাইদ (২৪) এবং মোহাম্মদ খান (২৩)। তারা সবাই কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপপরিদর্শক বাদী হয়ে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর