গভীর সংকটে আবাসন খাত
অর্থনীতি পুনরুদ্ধারে কর্মসংস্থান রক্ষায় প্রয়োজন জরুরি নীতি সহায়তা
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি আবাসন ও রিয়েল এস্টেট খাত বর্তমানে এক অভূতপূর্ব মন্দার মুখোমুখি। জ্বালানি ও নির্মাণ উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, ডলার বাজারের অস্থিরতা এবং নীতিগত ধারাবাহিকতার অভাবে ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের জিডিপিতে প্রায় ১৫ শতাংশ অবদান রাখা এই খাতকে টিকিয়ে রাখতে এখনই বিশেষ প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া না হলে সামগ্রিক অর্থনীতি এক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাম্প্রতিক তথ্যানুযায়ী, আবাসন বাজারে ক্রেতাসংকট কতটা তীব্র, তা স্পষ্ট। মাত্র কয়েক বছর আগেও যেখানে প্রতি মাসে গড়ে ১,০০০টি ফ্ল্যাট বিক্রি হতো, বর্তমানে তা ৫০ শতাংশ কমে মাত্র ৫০০-তে নেমে এসেছে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাজারে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। এ ক্ষেত্রে বিক্রি কমেছে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ। স্বল্প সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণের সুবিধা না থাকায় এবং ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা বাজার থেকে ছিটকে পড়ছেন।
উদ্যোক্তাদের মতে, গত কয়েক বছরে রড, সিমেন্ট, ইট, বালু ও পাথরের মতো মৌলিক উপাদানের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় ফ্ল্যাট নির্মাণ খরচ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক আবাসন প্রতিষ্ঠান নতুন প্রকল্প হাতে নিতে পারছে না এবং চলমান প্রকল্পগুলোর গতিও শ্লথ হয়ে পড়েছে।
আবাসন খাতের এই স্থবিরতার নেতিবাচক প্রভাব সরাসরি আছড়ে পড়েছে এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ২৬৯টি লিংকেজ বা সংযুক্ত শিল্প খাতে। সিরামিক, গ্লাস, পেইন্ট, বৈদ্যুতিক সরঞ্জাম, অ্যালুমিনিয়াম, আসবাব ও স্যানিটারি পণ্যের বাজারে এখন চরম মন্দা।
এই যেমন টাইলস মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগে যেখানে দৈনিক ৩-৪ লাখ টাকার টাইলস বিক্রি হতো, এখন তা নেমে এসেছে মাত্র ৫০-৬০ হাজার টাকায়। বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা এখন ব্যাংক কিস্তি ও শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।
প্রস্তাবিত বাজেটের বাড়তি চাপ ও উচ্চ করের বোঝা
এই ক্রান্তিকালেই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আবাসন খাতের ওপর নতুন চাপ তৈরি করেছে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট ভ্যাট বৃদ্ধির পাশাপাশি ফেরো-অ্যালয় ও স্ক্র্যাপের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন।
রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এই বাজেটে আবাসন খাতের জন্য কোনো কার্যকর নীতি সহায়তা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্মাণসামগ্রীর ওপর নতুন কর ও শুল্ক আরোপ, বিশেষ করে রডের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর ফলে নির্মাণ ব্যয় আরও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের ওপর। বর্তমানে বাংলাদেশে আবাসন খাতে নিবন্ধন ব্যয় (১৩ শতাংশের বেশি) বৃদ্ধির কারণে জমি ও ফ্ল্যাট কেনাবেচা কমে গেছে। রিহ্যাবের পক্ষ থেকে এটি কমিয়ে ৭ শতাংশ করার দাবি জানানো হলেও বাজেটে তার কোনো প্রতিফলন ঘটেনি।”
তিনি আরও যোগ করেন, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কমে যাওয়ায় ভবনের উচ্চতা সীমিত হয়ে পড়েছে, যার কারণে জমির মালিকরাও এখন ডেভেলপারদের কাছে জমি হস্তান্তর করতে আগ্রহ হারাচ্ছেন। এছাড়া বিগত আড়াই বছরে তিনটি সরকারের পরিবর্তন ও নীতিগত অস্থিরতার কারণে ক্রেতাদের মনে এক ধরনের ভীতি কাজ করছে।
অর্থনীতি বিশ্লেষক ও ফিন্যানশিয়ার এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ আবাসন খাতকে অর্থনীতির ‘রিয়েল সেক্টর’ বা প্রকৃত উৎপাদনশীল খাত হিসেবে উল্লেখ করে বলেন, “সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি বুঝতে আবাসন খাতের চাহিদা, জোগান ও ফ্ল্যাট বিক্রির গ্রাফ একটি গুরুত্বপূর্ণ সূচক। আমাদের মতো ভূমি সংকটের দেশে মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এই খাত অপরিহার্য। বর্তমান গভীর মন্দাবস্থা থেকে উত্তরণের জন্য আবাসন ও নির্মাণশিল্পকে এই মুহূর্তে বিশেষ নীতি সহায়তা ও সরকারি প্রণোদনা দেওয়া জরুরি।”
অন্যদিকে, আবাসন খাতকে চাঙ্গা করতে একে সম্পূর্ণ করমুক্ত করার সাহসী দাবি জানিয়েছেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন। তাঁর মতে, আবাসন খাত সচল হলে এর সঙ্গে যুক্ত ৩,৬০০টি লিংকেজ শিল্প প্রাণ ফিরে পাবে। শুধুমাত্র সিমেন্ট খাতের উৎপাদন ক্ষমতা ৮০ শতাংশে উন্নীত করতে পারলে সরকার বছরে অতিরিক্ত ২,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। তিনি মেগা অবকাঠামো প্রকল্পে মেগা ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক প্রাতিষ্ঠানিক তহবিল থেকে ‘ইক্যুইটি পুঁজি’ বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণের ওপর জোর দেন।
বর্তমানে বাংলাদেশে আবাসন খাতের মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে এবং প্রায় ১,৪০০টি রেজিস্টার্ড কোম্পানি এই খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে এই খাতের গুরুত্ব অপরিসীম। আবাসন খাত থেকে প্রতি বছর সরকারের কোষাগারে প্রায় ৩০,০০০ কোটি টাকা রাজস্ব জমা হয়। শুধু তাই নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভর করে দেশের প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবিকা টিকে রয়েছে। রিহ্যাবের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, আবাসন খাতের অর্থনৈতিক প্রভাব বহুমাত্রিক; এই খাতের প্রতি ১ টাকার বিনিয়োগ সামগ্রিক অর্থনীতিতে ২.৫ টাকারও বেশি পজিটিভ প্রভাব (Multiplier Effect) তৈরি করে।
এডিসন রিয়েল এস্টেটের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এবং আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলাম যৌথভাবে উল্লেখ করেন যে, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সরকারের নীতি সহায়তা পেলে এই খাত প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ ও কারিগরসহ বিপুল সংখ্যক দক্ষ পেশাজীবীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী আবাসন খাত জিডিপির প্রায় ১৫ শতাংশের অংশীদার। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে এটি ১৫-১৮ শতাংশ, সুইডেনে ২২-২৩ শতাংশ, জার্মানিতে ২০ শতাংশ এবং চীনে ২৩-২৮ শতাংশ অবদান রাখে। উন্নয়নশীল দেশগুলোতে এই গড় অবদান ১৩.১ শতাংশ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে সব দেশেই এই খাত চ্যালেঞ্জের মুখে পড়লেও বাংলাদেশের চিত্র তুলনামূলক বেশি নাজুক।
সংকট উত্তরণে করণীয়
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো নীতি সহায়তা না পেলে এই খাতের পুনরুদ্ধার আরও বিলম্বিত হবে। অর্থনীতিতে গতি ফেরাতে হলে অবিলম্বে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন
১. আবাসন নিবন্ধনের সার্বিক ব্যয় ১৩ শতাংশ থেকে কমিয়ে সিঙ্গেল ডিজিটে (৭-৮ শতাংশ) নামিয়ে আনা।
২. মধ্যবিত্তদের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদের (সিঙ্গেল ডিজিট) বিশেষ গৃহঋণ তহবিল গঠন করা।
৩. প্রস্তাবিত বাজেটে রড ও অন্যান্য নির্মাণসামগ্রীর ওপর আরোপিত বাড়তি ভ্যাট ও শুল্ক পুনর্বিবেচনা করা।
৪. আবাসন খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল জাতীয় করনীতি প্রণয়ন করা।
সূত্র: কালের কণ্ঠ
মুন্নি/চখ