টেকনাফে বসতঘরে গুলি, আতঙ্কে গ্রামবাসী
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ডাকাতদের গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৪ জুন) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া জুম্মাপাড়া-এর ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একদল সশস্ত্র ডাকাত এলাকায় প্রবেশ করে একাধিক বাড়িঘর ঘিরে ফেলে এবং একের পর এক গুলি ছুড়তে থাকে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ ঘর থেকে বের হতে পারেনি।
ঘটনার বিষয়ে জুম্মাপাড়ার ইউপি সদস্য ইলিয়াস বলেন, গুলির শব্দে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তিনি দাবি করেন, “আমার সামনে ১০ থেকে ২০ জন ডাকাত অবস্থান নিয়ে এলাকা ঘিরে রেখেছিল। তারা প্রতিটি বাড়িঘরে অতর্কিত গুলি চালাচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি।”
স্থানীয় বাসিন্দা মো. তারেক জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দে ঘুম ভেঙে যায়।
তিনি বলেন, জানালা দিয়ে দেখেন ডাকাতরা তার উঠানসহ আশপাশের বাড়িঘর ঘিরে ফেলেছে এবং এলোপাতাড়ি গুলি করছে।
আরেক বাসিন্দা মো. হোসাইন বলেন, তিনি কক্সবাজারে অবস্থান করলেও তার পরিবার এলাকায় চরম আতঙ্কে রয়েছে। তার স্ত্রী ও সন্তানরা কান্নাকাটি করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়, ফলে দুর্বৃত্তরা সহজেই পালিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হবে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
তাসু/চখ