chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা

নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল, নিয়োগ পাবেন ১ লাখ কর্মী

দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক যুগান্তকারী পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ঘোষণা করেছেন, সারা দেশে শুধু নারীদের চিকিৎসার জন্য দেড় হাজার শয্যার দুটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই মেগা প্রকল্পে স্বাস্থ্য খাতে নতুন করে ১ লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী। এ ছাড়া সারা দেশে আরও ১ হাজার শয্যার ২০টি সাধারণ হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে সরকারের।

রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এই অনুষ্ঠান থেকেই দেশের ১০টি জেলা হাসপাতালে একযোগে ভার্চুয়ালি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা উদ্বোধন করেন মন্ত্রী।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ মোট ১০টি জেলা হাসপাতালে আজ থেকে আধুনিক আইসিইউ সেবা চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ ছাড়া অন্য যে ৯টি জেলায় ভার্চুয়ালি এই সেবা উদ্বোধন করা হয়েছে, সেগুলো হলো— মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট।

আইসিইউ উদ্বোধনের পর চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সামান্য শ্বাসকষ্ট বা সাধারণ জটিলতা হলেই রোগীদের অন্য হাসপাতালে রেফার করবেন না। স্থানীয় পর্যায়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।”

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাজেটে আমাদের নেতা তারেক রহমান দিকনির্দেশনা দিয়েছেন। শুধু টাকার হিসাব নয়, বরং কীভাবে দেশটাকে উন্নত করা যাবে এবং কোন কোন খাতে উন্নয়ন জরুরি, তার একটি সুস্পষ্ট আভাস তিনি জাতিকে দিয়েছেন।”

তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ ডলার অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে বেশ কিছু বড় পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নারীদের জন্য ১,৫০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতাল দুটিতে ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা, প্রসূতি সেবা (ডেলিভারি) ও জেনারেল চিকিৎসার পাশাপাশি চারটি করে কিডনি অ্যানালাইসিস ও ডায়ালাইসিস সেন্টার থাকবে।
নতুন হাসপাতাল ও অ্যাম্বুলেন্স: সারা দেশে ১ হাজার শয্যার আরও ২০টি সাধারণ হাসপাতাল করা হবে। চিকিৎসাসেবা গতিশীল করতে দেওয়া হবে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।
আকাশপথে জরুরি সেবা: জরুরি রোগী পরিবহনের জন্য স্বাস্থ্য খাতে ৪টি হেলিকপ্টার যুক্ত করা হবে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার জনই হবেন নারী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং জেলা সিভিল সার্জন মুশিউর রহমান।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর