শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে-শিক্ষামন্ত্রী
শিক্ষকদের উৎসব ভাতা ক্রমান্বয়ে শতভাগে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে, সেটাকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে আমরা ১০ শতাংশ চেয়েছিলাম, যা আগামী দিনে শুরু হবে। বাজেট ঘোষণার পর ক্রমান্বয়ে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পাবেন।”
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শূন্যপদ পূরণের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি আইনি জটিলতায় স্থগিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় ৮৩ হাজার ৫০০টি মামলা রয়েছে। এই জটিলতা কাটিয়ে উঠতে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করতে মন্ত্রণালয় ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় করে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া সোনারগাঁওয়ে একটি নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। আগামীতে শিক্ষার বাজেট মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
