মিয়া গোলাম পরওয়ার
গণমাধ্যম খাতের সংস্কার এখন সময়ের দাবি
গণমাধ্যম খাতের সংস্কার এখন সময়ের দাবি: মিয়া গোলাম পরওয়াররাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা নিশ্চিত করতে এই মুহূর্তে গণমাধ্যম খাতের সংস্কার অত্যন্ত জরুরি।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বর্তমানে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে। এটি গণতন্ত্র এবং পেশাদার সাংবাদিকতার মানের জন্য চরম উদ্বেগজনক।” দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের উচিত শুধু জুলাই সনদ নয়, বরং গণভোটের রায়ও দ্রুত বাস্তবায়ন করে। “মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নীতিবহির্ভূত কনটেন্ট আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়াতেও সুনির্দিষ্ট নীতিমালা থাকা এখন সময়ের দাবি।”
সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বিশিষ্ট বক্তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন যে, বর্তমান সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার খাতে দলীয় লোক নিয়োগের মাধ্যমে গণমাধ্যমকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।
বক্তারা অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কমিশন গঠন করে এই খাতের সংস্কার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
