অপহরণের ৫ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পাঁচ দিনের মাথায় পার্শ্ববর্তী সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. নুরুল আলম (৩০) এবং মো. শাহাদাত হোসেন (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া হাসান (১৩) ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে মায়ের বাড়িতে বেড়াতে এসেছিল। গত ৮ জুন দুপুরে নিজ বাড়ির সামনে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়।
অভিযোগ রয়েছে, মূল অভিযুক্ত রবিউল আলমের নেতৃত্বে তার সহযোগীরা মোটরসাইকেলে করে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন রাতে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
সীতাকুণ্ডের ডাচ-বাংলা রোড সংলগ্ন এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি মামলার ২ ও ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মো. নুরুল আলম ও মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অপহরণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার পুলিশ জানায়, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তাসু/চখ
