chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিডিএ চেয়ারম্যান

জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সিডিএ’র স্বার্থ রক্ষা করব

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সিডিএ এবং চট্টগ্রাম নগরের স্বার্থ রক্ষা করবেন তিনি। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান বলেও জানিয়েছেন তিনি।

রোববার ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নগর ও সিডিএর স্বার্থ রক্ষা করাই এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।

চট্টগ্রামের উন্নয়নে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে নগরীর দীর্ঘদিনের সংকট সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব নগরীর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এ কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ওয়াপদা), গ্যাস বিভাগ, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সিডিএ কাজ করবে।

বেলায়েত হোসেন আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। “আমরা এমন একটি চট্টগ্রাম গড়ে তুলতে চাই, যেখানে নাগরিক সেবা সহজলভ্য হবে এবং পাহাড়-প্রকৃতি সংরক্ষণ করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে। সিডিএর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর।”

নগর উন্নয়ন বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামকে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে সাজাতে হবে। এজন্য নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। অপরিকল্পিত উন্নয়ন কখনো কল্যাণ বয়ে আনে না, বরং তা জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সেই পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। এই নগরকে ভালো কিছু দেওয়াই আমার প্রধান লক্ষ্য।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর