chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে চিরুনি অভিযানে মাদকসেবী দণ্ডিত

ছড়িয়ে পড়েছে মাদকের ভয়াল বিস্তার। তবে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান থেমে নেই। সামাজিক অপরাধ দমনে ইউনিয়নভিত্তিক চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মাদকবিরোধী চিরুনি অভিযান পরিচালনা করেছে পুলিশ ও প্রশাসন। অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে পৌরসভার গুরাটুনির পাড়, গুরারদিঘীর পাড়, বড়ুয়া পাড়া ও অলিমিয়ার দোকানসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। দীর্ঘদিন ধরে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ থাকা এলাকাগুলোতে পুলিশের এই অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন এবং উদ্যোগটিকে স্বাগত জানান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় অলিমিয়ার দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বোরহান উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ইতোমধ্যে আমরা কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছি। মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।’

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, ‘মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি ও অপরাধ। আজকের অভিযানে আমরা কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছি। মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। মাদক নির্মূলে জনসচেতনতা ও জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকমুক্ত বাঁশখালী গড়তে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক এমন একটি সামাজিক ব্যাধি, যা থেকে নানা ধরনের অপরাধের জন্ম হয়। তাই সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত বাঁশখালী গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে মাদকবিরোধী অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালিত হবে। পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তাসু/চখ

এই বিভাগের আরও খবর