আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের পাঁচ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫) চিকিৎসাধীন রয়েছে।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে এনি বড়ুয়া ও তাঁর ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় ঘরের দরজার সামনে এবং প্রিয়ন্তী বড়ুয়াকে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে এনি বড়ুয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রতিবেশী সুরভী বড়ুয়া বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে মেয়েটির মরদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।
নিহতের স্বামী সুজন বড়ুয়া বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। রাতে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তাঁর দাবি, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তাঁর আর্থিক লেনদেনজনিত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তাসু/চখ
