বাজেট ও উন্নয়ন: অর্থমন্ত্রীর নতুন কর্মপরিকল্পনা
বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সব নাগরিককে এর আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেটের প্রতিটি বিষয়ই মূলত একেকটি প্রত্যক্ষ নীতির প্রতিফলন।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সম্মেলনের ‘ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক প্লেনারি সেশনে অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বাজেটের লক্ষ্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিভিন্ন নীতির মাধ্যমে দেশের সব নাগরিককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।”
করনীতি নির্ধারণের ক্ষেত্রে নীতিনির্ধারকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, করব্যবস্থাকে একটি কার্যকর প্রভাবক হিসেবে বিবেচনা করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, “এর জন্য এমন একটি দক্ষ ও বিশেষজ্ঞ দল প্রয়োজন, যারা স্বয়ংক্রিয়ভাবে করনীতি পরিচালনা করতে সক্ষম হবে।”
অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, যে সংস্থা নীতি ও করব্যবস্থা চূড়ান্ত করবে, তাদের সিদ্ধান্তে অবশ্যই জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে।
তিনি বলেন, “নীতির মূল অর্থই হলো—এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা।”
একটি কার্যকর নীতিনির্ধারণী কাঠামোর ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, একটি শক্তিশালী নীতিনির্ধারণী সংস্থা থাকা প্রয়োজন, যেখানে দায়িত্বের সুস্পষ্ট বিভাজন থাকবে।
অর্থমন্ত্রীর মতে, সঠিকভাবে নীতি প্রণয়ন করতে পারলে তার বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সহজ ও গতিশীল হয়।
উক্ত সম্মেলনে নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে বক্তব্য রাখেন।
তাসু/চখ