chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাকে আগামী এক বছরের জন্য সিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিডিএর চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘আমি চট্টগ্রাম সিডিএ’র চেয়ারম্যান পদে নিয়োগপ্রত্যাশী ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি এর সর্বোচ্চ প্রতিদান দেব। আমার দলের নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমার সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চট্টগ্রামের উন্নয়নে আমি শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করবো।’

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি সন্দ্বীপে। তবে তিনি বসবাস করেন নগরের গনি বেকারি এলাকায়। তিনি গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে বঞ্চিত করে মোস্তফা কামাল পাশাকে প্রার্থী করা হয়। 

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ছাত্রজীবনে চট্টগ্রাম মহানগরীতে রাজনীতি করেছেন। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি এবং পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। পরে উত্তর জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। জেলও কেটেছেন তিনি।

ফরিদা |চখ

 

এই বিভাগের আরও খবর