chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় আন্তর্জাতিক মাদক চোরাকারবারি চক্রের আরও ৪ থেকে ৫ জন সদস্য পালিয়ে হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার বাসিন্দা মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) ও হায়েংখালী দলিয়া পাড়ার মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

র‍্যাব জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-১৫ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, মিয়ানমারের কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের সদস্যরা ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মণ্ডলপাড়া এলাকার মো. কবির হোসেনের জমিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। তবে চক্রের আরও ৪ থেকে ৫ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাব।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে এসেছেন। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর