প্রধানমন্ত্রীর আগমনে মুখর মাতামুহুরী
ভিত্তিপ্রস্তর স্থাপনের অপেক্ষায় মাতামুহুরী, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
আগামী ১৩ জুন নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানেত আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে বিশাল প্যান্ডেল নির্মাণ, অতিথিদের বসার ব্যবস্থা, সড়ক সংস্কার, বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জাসহ বিভিন্ন প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শতাধিক শ্রমিক দিন-রাত কাজ করছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবনটি নির্মিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও প্রস্তুত রয়েছে।
মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
এদিকে, অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাতামুহুরী উপজেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্থানীয় জনগণের প্রত্যাশা, এ ভবন নির্মাণের মধ্য দিয়ে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
চকরিয়া ও মাতামুহুরি উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, আগামী ১৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তি স্থাপনে আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন জায়গাটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি বাহিনির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, স্বরাষ্টমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী জনসভায় মাতামুহুরি উপজেলা করার ঘোষণা দেন। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে মাতামুহুরি উপজেলা ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। সেই হিসেবে আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসার কথা রয়েছে।
মআ/চখ
