chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।

এর আগে ঈদের আগের দিন ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে।

প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায়। এসব কারণেই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়েছে।

গত ৪ জুন এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই দিন বিকালে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।

বুধবার স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে, তা সন্তোষজনক নয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির গত রবিবার সাংবাদিকদের জানান, নিহত ছয় নবজাতকের প্রত্যেক পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে পরিশোধ করা হয়েছে।

ক্ষতিপূরণ ও হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এ ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে এবং তদন্ত প্রতিবেদন ও গৃহীত সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সুপারিশ করা হবে।’’
ফরিদা/চখ

এই বিভাগের আরও খবর